শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন: ২১তম দিনে হাসপাতালে সোনম ওয়াংচুক
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে কর্তৃপক্ষ।
অনশনের ২১তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে যুব সংগঠন 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) সমর্থনে এই অনশন শুরু করেন।
গত মে মাসে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন করে মেডিকেলের ভর্তি পরীক্ষার (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সিজেপি।
দিল্লি পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর রাখার এবং প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল।