লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এই খেলার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো হলুদ কার্ড ও লাল কার্ড। হলুদ কার্ড একজন খেলোয়াড়কে সতর্ক করে দেয় যে তিনি নিয়ম ভঙ্গ করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে। অন্যদিকে লাল কার্ড বোঝায় গুরুতর অপরাধ বা বারবার নিয়ম লঙ্ঘনের ফলে মাঠ থেকে বহিষ্কার। খেলার শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য এই দুটি কার্ডের ব্যবহার অত্যন্ত কার্যকর। কিন্তু বিষয়টি বাস্তবে শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়। অনেক সময় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও হলুদ কার্ড ও লাল কার্ডের দর্শন গভীর তাৎপর্য বহন করে।
বর্তমান সমাজব্যবস্থায় আমরা এমন এক সময়ে বসবাস করছি, যেখানে নিয়ম লঙ্ঘন, দায়িত্বহীনতা, দুর্নীতি, অসহিষ্ণুতা এবং সামাজিক অবক্ষয়ের নানা চিত্র প্রতিনিয়ত চোখে পড়ে। আইন রয়েছে, বিধি রয়েছে, নৈতিকতার শিক্ষা রয়েছে; কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলোর যথাযথ প্রয়োগ দেখা যায় না। ফলে অপরাধ ও অনিয়মের পুনরাবৃত্তি ঘটে। এমন পরিস্থিতিতে হলুদ কার্ড ও লাল কার্ডের ধারণা কেবল একটি ক্রীড়া নিয়ম-নীতির বাইরেও শিক্ষণীয় হয়ে সামাজিক নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে।