হোয়াটসঅ্যাপের বার্তা অ্যানিমেশনের সুবিধা নিয়ে আইফোন ব্যবহারকারীদের অসন্তোষ
সম্প্রতি নিজেদের আইওএস সংস্করণে পাঠানো বার্তা অ্যানিমেশন আকারে প্রাপকদের চ্যাটবক্সে প্রদর্শন করছে হোয়াটসঅ্যাপ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সুবিধাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী নতুন অ্যানিমেশনটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, আগে হোয়াটসঅ্যাপে কোনো বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই সেটি চ্যাটবক্সে স্থিরভাবে দেখা যেত। এখন পাঠানো বার্তার বাবল ডান পাশ থেকে অ্যানিমেশনের মাধ্যমে ভেসে এসে চ্যাটবক্সে যুক্ত হচ্ছে। দেখতে সাধারণ পরিবর্তন মনে হলেও এটি অস্বস্তিকর।
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) হোয়াটসঅ্যাপের নতুন অ্যানিমেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন, নতুন অ্যানিমেশনটি এতটাই বিরক্তিকর যে এটি দেখলে অস্বস্তি লাগে। আরেকজনের মতে, বার্তা পাঠানোর সময় নতুন অ্যানিমেশনটি বিরক্ত করছে। কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, এই পরিবর্তনে যেন ব্যবহারকারীদের মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হোয়াটস অ্যাপ
- হোয়াটসঅ্যাপ