আওয়ামী লীগ-বিএনপি দেখতে চাই না, ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে: মির্জা ফখরুল
ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, "আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াত ইসলামী দেখতে চাই না। আমি বাংলাদেশকে দেখতে চাই, ঢাকার নাগরিক হিসেবে দেখতে চাই। আমরা ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে।"
বুধবার সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বক্তৃতা দিচ্ছিলেন বিএনপি মহাসচিব ফখরুল।
তিনি বলেন, রাজধানীর বর্তমান সংকট একদিনের নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসে। এর ফলে নগরে একই সঙ্গে শহুরে ও গ্রামীণ সংস্কৃতির মিশ্রণ তৈরি হয়েছে।
তার উপলব্ধি, "আমরা এখনো পুরোপুরি নগর-নাগরিক হয়ে উঠতে পারিনি।"
শহর পরিষ্কার রাখতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের মানসিকতার পরিবর্তনের ওপরও জোর দেন মির্জা ফখরুল।