স্যাঁতসেঁতে বর্ষায় যেভাবে সতেজ রাখবেন ঘরের অন্দর
বর্ষা মৌসুমে প্রকৃতি সজল–সজীব হয়ে উঠলে কী হবে, অন্দর হয়ে ওঠে স্যাঁতসেঁতে। জিনিসপত্র থেকে সোঁদা গন্ধও পাওয়া যায়। তবে একটু যত্ন করলেই বর্ষায়ও অন্দর রাখা যায় সতেজ। এটা নিয়েই সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি এবং ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা শরীফ-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।
বর্ষায় বাতাস হয়ে ওঠে আর্দ্র, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। বাড়ির অন্দরে এই জলীয় বাষ্প জমার সুযোগ পেলেই মুশকিল। তখনই অতিরিক্ত আর্দ্র হয়ে ওঠে অন্দরের পরিবেশ। এমন আর্দ্র অন্দরে সহজেই ছত্রাকের আক্রমণ হয়। পোকামাকড়ের উপদ্রবও বাড়ে। ঘরের দেয়াল ও মেঝে হয় স্যাঁতসেঁতে। ঘরের গন্ধটাও খুব একটা সুখকর হয় না।
অতিরিক্ত আর্দ্রতার কারণে নষ্ট হতে পারে কাঠের জিনিসের আকৃতি। কাপড়ে তিলা পড়তে পারে। সব মিলিয়ে সতেজতা হারায় অন্দর। আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারলে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
চাই হাওয়া, চাই রোদ
আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে অন্দরে পর্যাপ্ত হাওয়া আর রোদের ব্যবস্থা রাখা প্রয়োজন। তবে এ কথাও ঠিক, শহুরে অন্দরে রোদ ঢোকার সুযোগ কম। তবে রোদ আসুক আর না আসুক, সময়–সুযোগ বুঝে রোজই জানালা-দরজা খুলে আলো-বাতাস আসার সুযোগ দিন। এক পাশের জানালা দিয়ে বাতাস ঢুকে বিপরীত দিকে প্রবাহিত হওয়ার সুযোগ থাকলে খুবই ভালো। শুধু জানালা-দরজা খোলার সময় বৃষ্টি না থাকলেই হলো।
দেয়ালের ক্ষতি হলে
দেয়াল বা ছাদ যদি ভিজে ওঠে, এগুলো থেকে কিছু খসে পড়ে বা ছত্রাকের মতো কোনো আবরণ (সাদা বা কালো) সৃষ্টি হয়, তাহলে পেশাদার ব্যক্তির সহায়তা নিন। দেয়ালের প্লাস্টার ভেঙে, নতুন প্লাস্টার করিয়ে, ড্যাম্প প্রুফ পেইন্ট করিয়ে নিন। বাড়ির দেয়ালের বাইরের অংশেও অ্যান্টিফাঙ্গাল (ছত্রাকরোধী) পেইন্ট করিয়ে নেওয়া ভালো। ছাদে কোথাও পানি জমলে সেটিও সারিয়ে নিন। ভবনের পানি নিষ্কাশন পাইপ, ওপরের তলার দেয়াল বা ছাদের কোনো সমস্যার কারণেও আপনার ঘরের দেয়াল ভিজে উঠতে পারে।
আসবাবে আরও যা
আসবাব রাখুন দেয়াল থেকে অন্তত দুই-আড়াই ইঞ্চি দূরে। এমনভাবে ঘর সাজান, যেন জানালা দিয়ে বৃষ্টির ছাট এলেও আসবাব না ভেজে। আসবাব রোজ মুছে ফেলুন শুকনা কাপড় দিয়ে। প্রয়োজন না হলেও সপ্তাহে একবার কিছু সময়ের জন্য আসবাবের দরজা বা ড্রয়ার খুলে রাখা উচিত।
- ট্যাগ:
- লাইফ
- বর্ষাকালের টিপস