পৃথিবীর ‘কোয়াসি-মুনের’ কাছে চীনা মহাকাশযান, পাঠাল প্রথম ছবি
মহাকাশ গবেষণায় বড় মাইলফলক স্পর্শ করেছে চীন। পৃথিবী-নিকটবর্তী এক গ্রহাণুর খুব কাছ থেকে তোলা প্রথম স্পষ্ট ছবি পাঠিয়েছে চীনের এক মহাকাশযান।
গেল বছরের বসন্তে এ গ্রহাণুর উদ্দেশ্যে রওনা হওয়া চীনা মহাকাশযান ‘তিয়ানওয়েন-২’, যা এখন সফলভাবে এর লক্ষ্যে পৌঁছেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
মহাকাশযানটির নির্দিষ্ট গ্রহাণুর কাছাকাছি পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বেইজিং। বিজ্ঞানীদের কাছে ‘কোয়াসি-মুন’ বা আধা-উপগ্রহ হিসেবে পরিচিত এ গ্রহাণুটি থেকে নমুনা সংগ্রহের লক্ষ্যে সফলভাবে এর কক্ষপথে পৌঁছেছে চীনের তিয়ানওয়েন-২।
সোমবার ‘২০১৬এইচও৩’ নামের ওই গ্রহাণুটির এক ছবি প্রকাশ করেছে চীনের ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’। ছবিটি গ্রহাণুটির কেবল ২০ কিলোমিটার দূর থেকে তোলা।
বিজ্ঞানীদের পরিকল্পনা অনুসারে, তিয়ানওয়েন-২ আগামী আরও কয়েক মাস এ গ্রহাণুর আশপাশে অবস্থান করবে এবং একপর্যায়ে এর পৃষ্ঠে অবতরণ করে মহাজাগতিক নমুনার টুকরো সংগ্রহ করবে।
সব ঠিক থাকলে ২০২৭ সালের শেষ নাগাদ এর নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে মহাকাশযানটি।