You have reached your daily news limit

Please log in to continue


ভারী বৃষ্টির সতর্কবার্তা বাড়ল আরও ২৪ ঘণ্টার জন্য

দেশজুড়ে চলা বৃষ্টি কমছেই না। আজ সোমবারও সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এর মধ্যে সকালে ৩ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়। আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বৃষ্টি হতে পারে ঢাকাসহ ছয় বিভাগে। গতকাল রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এ পূর্বাভাস দেওয়া হয়েছে ছয় বিভাগের জন্য। সেগুলো হলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এ সময় ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূ্র্বাভাস দেওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে বেশি। এর কারণেই বৃষ্টির নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবুল কালাম মল্লিক জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত এই ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা আবার বাড়তে পারে। মৌসুমি বায়ু সে সময় আবার সক্রিয় হয়ে উঠতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে, ১৭৫ মিলিমিটার। বৃষ্টি হয় দেশের প্রতিটি এলাকায়।
আর আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ১০৭ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। এ ছাড়া বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এ সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন