বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে দেশের মঞ্চে সঞ্জয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১৩:৪৫
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে। সঞ্জয়ের পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ। এবার তিনি দর্শক মাতাবেন বাংলাদেশে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে গাইবেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজন করা হয়েছে ছয় দিনব্যাপী ফ্যান ফেস্ট ২.০। খেলা দেখানোর পাশাপাশি এই আয়োজনে রয়েছে লাইভ কনসার্ট। ১৯ জুলাই ফাইনাল খেলার আগে পারফর্ম করবেন সঞ্জয়। দেশের মঞ্চে সঞ্জয়ের এই লাইভ পারফরম্যান্স দেশের সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্ত।