যুদ্ধটা আমাদের একা করতে হয়েছে: রেদওয়ান রনি
আজ ওটিটি প্ল্যাটফর্ম চরকির পাঁচ বছর পূর্তি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন নির্মাতা রেদওয়ান রনি। পেশাগত কাজে তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। মোবাইল ফোনে কথা হলো তাঁর সঙ্গে। পাঁচ বছরে চরকির পথচলা, ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশে ওটিটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন এম এস রানা।
কী লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল চরকি?
রেদওয়ান রনি: আমাদের দেশে শক্তিশালী ওটিটি প্ল্যাটফর্ম ছিল না। আমাদের ট্যালেন্ট, আমাদের দর্শক, অথচ বড় অঙ্কের কারেন্সি নিয়ে যাচ্ছে বিদেশি প্ল্যাটফর্মগুলো। আমরা চেয়েছি এমন একটা প্ল্যাটফর্ম করতে, যেখানে সারা বিশ্বের বাঙালি দর্শক আমাদের কনটেন্ট দেখবে, আমাদের ট্যালেন্টরা কাজের সুযোগ পাবে, দেশে ফরেন কারেন্সি ঢুকবে। দ্বিতীয়ত, ওটিটি একটা সম্ভাবনাময় বিজনেস, এই প্ল্যাটফর্ম দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। তৃতীয়ত, ফিউচার গ্লোবাল মার্কেটে বাংলা কনটেন্টের মূল ফোকাস হবে চরকি অর্থাৎ ঢাকা। আমাদের প্রচুর দর্শক আছে, মেধাবী নির্মাতা আছে। আমরা চেয়েছি নিজেদের মেধার ব্যবহার করে আমরাই কনটেন্ট বানাব এবং গ্লোবালি ডিস্ট্রিবিউট করব, সেই প্ল্যাটফর্মটি হবে চরকি।
পাঁচ বছরে কতটা সফলতা পেলেন?
রেদওয়ান রনি: অনেকটাই। এই পাঁচ বছরে অনেক ট্যালেন্ট পেয়েছি। ওটিটি থেকে মেধাবী অনেক নির্মাতা বেরিয়েছে, লেখক, অভিনেতা তৈরি হয়েছে। নুহাশ, তাওকীরদের মতো মেধাবীদের গ্লোবাল প্রেজেন্স এখন হাই। দর্শকের রুচির পরিবর্তন হয়েছে, আমাদের ভিজ্যুয়াল কোয়ালিটি ডেভেলপ করেছে। দ্বিতীয়ত, বিজনেস ইকোনমিতে ওটিটি এখন বিশেষ ভূমিকা রাখতে পারছে। তৃতীয়ত, আমাদের নিজস্ব ওটিটি, নিজস্ব ভাষা তৈরি হয়েছে। আমরা আমাদের গল্প বলতে পারছি। যেমন ‘ষ’ সিরিজে আমাদের নিজস্ব প্রচলিত ভূতের গল্প বলেছি, দর্শক সেটা পছন্দ করেছে। চরকির কনটেন্ট এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বিশ্বের অনেক ফেস্টিভ্যালে যায়, সম্মানিত হয়।
- ট্যাগ:
- বিনোদন
- ওটিটি প্ল্যাটফর্ম
- রেদওয়ান রনি