মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের একের পর এক হামলা
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলার দাবি করেছে। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মহাকাশ বাহিনী ঘাঁটিটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গারগুলো ধ্বংস করে দিয়েছে।
আইআরজিসির আরেক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ সময় ঘাঁটিটিতে থাকা একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভূখণ্ডকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।