ভেনেজুয়েলা ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪,০০০ ছাড়াল
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গতকাল শুক্রবার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।
ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ২৪ জুন পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। উপকূলীয় লা গুয়াইরার পুরো এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ আছেন।
রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটিই ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বহুতল আবাসিক ভবনগুলো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্পে নিহত