জামায়াতের কাছেই দেশ নিরাপদ : সাইফুল আলম মিলন
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জামায়াতের কাছেই নিরাপদ দেশ। রাষ্ট্রীয় সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগের বিকল্প নেই।
শুক্রবার (১০ জুলাই) মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, সিটি করপোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। এ ক্ষেত্রে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ও কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছেন।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় মানসম্পন্ন সরকারি হাসপাতাল গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে চিকিৎসাসেবা পেতে মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। দুর্নীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।