বান্দরবানের লামায় পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় দুই পরিবারের পাঁচজন নিহত
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাঁদের পাঁচ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।
জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লামার একই এলাকায় পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ পাঁচজন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায়। ওই সময় পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হন। তাঁরা হলেন মো. ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাঁদের ছেলে মো. সোলেমান (৫)।
স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যদের সহায়তায় তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড় ধসে মৃত্যু