মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে বসেছে।
বিশ্বকাপ চলা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআইয়ের এজেন্টো সেই দেশে এএফএর আর্থিক কার্যক্রমের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ শুরু করেন বলে লা নাসিওনের আজকের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে সরাসরি অবগত দুটি সূত্র আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। ট্যুর প্রড এন্টার এলএলসি যুক্তরাষ্ট্রের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৬ কোটি ডলার স্থানান্তর করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ৩২০৪ কোটি ৩৮ লাখ টাকা।