মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দেরি, মাঝপথে সমাপ্ত হলো প্রশ্নোত্তর পর্ব
বিরতির পর যথাসময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদ অধিবেশনে যোগ না দেওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে আসরের নামাজের বিরতির পর এ ঘটনা ঘটে।
আজ দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ সময় সংসদকক্ষে ছিলেন। তাঁরা সংসদ সদস্যের প্রশ্নের জবাবও দেন। একপর্যায়ে আসরের নামাজের বিরতি দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদকে জানান, আসরের নামাজের বিরতির পর প্রশ্ন পর্বের অবশিষ্ট অংশ চালু হবে।