বৃষ্টি ‘চলবে’, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
বর্ষা ফিরেছে তার ‘নিজরূপে’, কদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি ঝরছে তা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর বুধবার বিজ্ঞপ্তিতে বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে, পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পাঠানো ‘সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি’র বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবুল কালাম মল্লিক বলেন, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।