যুক্তরাষ্ট্রের স্বপ্ন গুঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম
বেলজিয়ামের বিখ্যাত ‘গোল্ডেন জেনারেশন’ এখন অতীত। তবে সেই সোনালি সময়কেই যেন মনে করিয়ে দিল এই দল। প্রথমার্ধে উপহার দিল তারা দাপুটে ফুটবল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে বড় জয়ে পৌঁছে গেল শেষ আটে। দেশের মাঠের বিশ্বকাপে স্বপ্নের ডানায় উড়তে থাকা যুক্তরাষ্ট্র যেন মুখ থুবড়ে পড়ল এক ধাক্কায়।
বিশ্বকাপের শেষ ষোলোয় গ্যালারি ভরা দর্শককে স্তব্ধ করে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম।
ইউরোপের দলটির হয়ে প্রথমার্ধে দুটি গোল করে শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিজের চরম ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান হন্স ফানাকে। শেষ দিকে যোগ করা সময়ে জালেল দেখা পান অভিজ্ঞ রোমেলু লুকাকু। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।
ম্যাচের আগে যাকে নিয়ে ছিল তোলপাড়, ডনাল্ড ট্রাম্পের ফোন পেয়ে যার লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফুটবল বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়, সেই ফোলারাইন বালোগন তেমন কিছু করতে পারেননি ম্যাচে। বরং ম্যাচের আগের এস ঘটনাপ্রবাহের প্রভাব নিশ্চিতভাবেই পড়েছে যুক্তরাষ্ট্রের ফুটবলারদের মনস্তত্ত্বে। আগের ম্যাচগুলোর মতো গতিময় ও উজ্জীবিত এই ফুটবল আর দেখা যায়নি তাদের। চাপে যেন খেই হারিয়ে ফেলে গোটা দল। ঘরের মাঠে বড় স্বপ্ন নিয়ে ছুটতে থাকা দলের পথচলা শেষ হয়ে গেল কোয়ার্টার-ফাইনালের আগেই।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬