ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১৩:৩০
মামলায় ১৩৩ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে সিআইডি এখন বলছে, প্রতিষ্ঠানটির অবৈধ সম্পদ রয়েছে মাত্র দেড় কোটি টাকার। এর মধ্যে বিদেশে পাচার করা হয়েছে ৮৬ লাখ টাকা। অবশ্য তদন্তে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও আত্মসাৎ এবং সরকারি খাল ও সড়ক দখলের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সিআইডি।
প্রতিষ্ঠানটি হলো সাদিক অ্যাগ্রো লিমিটেড। ২০২৪ সালের ঈদুল আজহার আগে প্রতিষ্ঠানটি থেকে ১৫ লাখ টাকায় একটি ‘উচ্চবংশীয়’ ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান (ইফাত)। এই ছাগল-কাণ্ডের পর মতিউর রহমানের পাশাপাশি সাদিক অ্যাগ্রোর নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ সামনে আসে।