আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে মাউন্ট রাশমোরে বক্তব্য দেওয়ার সময় নিজের পুরোনো আক্ষেপের কথা নতুন করে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সাফল্যের কথা উল্লেখ করার ফাঁকে তিনি অভিযোগ করেন, তাকে এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়নি।
আমেরিকানদের বিভিন্ন আবিষ্কার, অগ্রগতি এবং সেই সাথে গান, খেলাধুলা ও সংস্কৃতিতে দেশটির আধিপত্যের কথা তুলে ধরার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকানরা বিশ্বের যেকোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জিতেছে। এর পরপরই তিনি আক্ষেপের সুরে যোগ করেন, তবে, তারা আমাকে একটিও দেয়নি।
ট্রাম্প অভিযোগ করেন যে ‘আটটি যুদ্ধ’ মিটমাট করা সত্ত্বেও তাকে এই পুরস্কার দেওয়া হয়নি; যদিও এটি তার প্রায়শই বলা একটি অতিরঞ্জিত দাবি। উল্লেখ্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদানের জন্য এ পর্যন্ত ৪২০ জনেরও বেশি মার্কিন নাগরিক নোবেল পেয়েছেন, যা বিশ্বে সর্বোচ্চ।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এমনকি নিজের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের অনেকটা সময় তিনি শান্তি পুরস্কার পাওয়ার জন্য প্রকাশ্যে তদবিরও করেছিলেন। গত জানুয়ারিতে তিনি মন্তব্য করেছিলেন যে ইতিহাসে তার চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই।