কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকা গুরুতর অনিয়ম পেয়েছে আইএমইডি
১০ হাজার ৬৮৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্ত আইএমইডি বৃহস্পতিবার এক মূল্যায়ন প্রতিবেদনে এসব অনিয়মের কথা প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, গাছ লাগানোর জন্য ৪৮ কোটি টাকা খরচ দেখানো হলেও বাস্তবে একটি গাছও লাগানো হয়নি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত তিন অর্থবছরে ৬৮টি অডিট আপত্তি অনিষ্পন্ন রয়ে গেছে। এর মধ্যে ৪৮টিকে ‘গুরুতর আর্থিক অনিয়ম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘অডিট আপত্তিগুলো নিষ্পন্ন না হওয়ায় এগুলো আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহির ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।’
চমকে দেওয়ার মতো অনিয়ম পাওয়া গেছে একটি বড় ‘সার্ভিস এরিয়া’ নির্মাণের ক্ষেত্রে। এতে খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা। আইএমইডি বলছে, এই সার্ভিস এরিয়া অপ্রয়োজনীয় ছিল এবং টানেলের মূল উদ্দেশ্যের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই।
সার্ভিস এরিয়া নামের ওই এলাকায় বাংলো, মোটেল, কনভেনশন সেন্টার, চিকিৎসাকেন্দ্র এবং একটি জাদুঘর তৈরি করা হয়েছে। কিন্তু এসব স্থাপনার সঙ্গে টানেলের সরাসরি সড়ক সংযোগও নেই। আইএমইডি এই খরচকে ‘পুরোপুরি অপচয় ও নীতিগত অনিয়ম’ বলে উল্লেখ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ল্যান্ডস্কেপিং ও গাছ লাগানোর কাজে ৪৯ কোটি ৩৬ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। অথচ সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) বা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনে (পিসিসিআর) এমন কোনো কাজের প্রমাণ পাওয়া যায়নি।