সাত বছরের মধ্যে এই জুনেই সবচেয়ে কম বৃষ্টি

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৯:১৮

জুন মাস মানে বর্ষার শুরু আর বর্ষা মানেই বৃষ্টি। বাংলাদেশে সচরাচর এই মাসেই বৃষ্টি বাড়তে শুরু করে। তাতে ভরে ওঠে নদীনালা-খাল-বিল; মাঠে আমনের বীজ বোনা শুরু হয়। কিন্তু এবার চিত্র ছিল ভিন্ন। সদ্য বিদায়ী জুনে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে ২৯ শতাংশ কম।


পরিসংখ্যান দেখাচ্ছে, গত সাত বছরে এই জুনেই সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদি গবেষণাগুলো বলছে, বাংলাদেশে মে-জুনে তাপমাত্রা দ্রুত বাড়ছে, উষ্ণ দিনের সংখ্যা বাড়ছে এবং মানুষ আগের চেয়ে বেশি তাপজনিত অস্বস্তির মুখে পড়ছে। দিন দিন এভাবে জুন মাসে বৃষ্টির পরিমাণ কমতে থাকলে কৃষি ও সার্বিকভাবে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।


সাত বছরে সবচেয়ে কম বৃষ্টি


গত সাত বছরে জুনে বৃষ্টির প্রবণতা কমার চিত্র দেখা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তথ্যে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ তাঁর এক পর্যালোচনায় ২০২০ থেকে চলতি বছরের জুনের হিসাব তুলে ধরেছেন।


বজলুর রশীদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত সাত বছরের মধ্যে জুনে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছিল ২০২১ সালে। ওই বছর স্বাভাবিকের চেয়ে ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। আগের বছর ২০২০ সালেও বৃষ্টি হয় স্বাভাবিকের চেয়ে ২ শতাংশ বেশি। কিন্তু ২০২২ সাল থেকে বৃষ্টি কমছে ক্রমাগতভাবে। গত বছর ২১ শতাংশ কম বৃষ্টি হয়েছিল, এবার তা ২৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। গড়ে এর পরিমাণ ৫২৩ মিলিমিটার, দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় জুনে, গড়ে ৪৫৯ মিলিমিটার। সেই দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির মাসে এবার বৃষ্টি কম।


আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, জুনে বৃষ্টি কম হওয়ার আবহাওয়াগত নেতিবাচক প্রভাব রয়েছে। বৃষ্টি কমের অর্থ হলো গরম বাড়বে। এতে মানুষের স্বাস্থ্য ও কৃষির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ মাসে কম বৃষ্টির ফলে গরম বৃদ্ধির প্রবণতা গবেষণায় দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও