প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ার ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে না ওঠায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে অবশেষে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন।
শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা হুমায়ুন কবির।
হুমায়ুন কবীর বলেন, নভোএয়ারের ‘বিকিউ-৯৩৫’ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। তবে উড্ডয়নের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তিনি বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর বিমানটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যান্ত্রিক ত্রুটি