সাগরে লঘুচাপ, রাত থেকে কয়েক দিন বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে এর প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া বিরূপ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, বর্তমানে লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এটি নিম্নচাপে রূপ নিলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আগামীকাল শনিবার সন্ধ্যার পর থেকেই কিছু এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে এর প্রভাব সারা দেশে আরও স্পষ্ট হতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লঘুচাপ
- লঘুচাপের প্রভাব