শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি নয়, তরুণদের উদ্ভাবনে আসতে হবে: মির্জা ফখরুল
তরুণ প্রজন্মকে দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামে স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর ‘সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।
সোলেমান আলীর এই উদ্ভাবনের প্রশংসা করে দেশের যুবসমাজকে চাকরি বা পরনির্ভরশীলতার পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান ফখরুল।
সোলেমান আলীর দিকে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “খালি রাস্তাঘাটের মসজিদ-মাদ্রাসা চাইলে উন্নয়ন হয় না, এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়ায়। এটাই হচ্ছে কাজ। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবেই, সরকার করবেই। অবকাঠামো বাড়াবে। এগুলো হচ্ছে কাজ।”
“শুধু খেলা দেখে বা আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি করে উন্নতি সম্ভব নয়। তরুণদের উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।”
সোলেমান আলীর উদ্ভাবনকে জাতীয়ভাবে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশপাশি তরুণদেরও নিজস্ব উদ্যোগ ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।