ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র
ইরানকে একটু বেশিই অবমূল্যায়ন করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ইসরায়েলের দিকটি বিবেচনায় নিলে বলতে হয়, তারা ইরানের সক্ষমতার বিষয়টি হয়তো আগেই বুঝেছিল, আর এটিও ভালো করে অনুধাবন করতে পেরেছিল যে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব টিকিয়ে রাখতে এবং কাঙ্ক্ষিত পর্যায়ে বৃদ্ধি করতে হলে সেটি তাদের একক সামরিক শক্তি বা সক্ষমতা দিয়ে সম্ভব নয়।
তাই কৌশলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা হয়েছে এবং তার মধ্য দিয়ে একটি সফল যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করা হয়েছে। এই জায়গাটিতে ইসরায়েলের কূটকৌশলও ঠিকমতো কাজ করল না! এ ক্ষেত্রে অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্কিত কর্মকাণ্ডগুলো এড়ানো এবং দুর্নীতির অভিযোগে আদালতের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার একটি কৌশলও সমানভাবে পরিলক্ষিত হয়েছে। এই যুদ্ধের ফলাফল তাঁদের সপক্ষে না এলেও তিনি চেয়েছিলেন যুদ্ধটিকে প্রলম্বিত করে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনটিকে জরুরি অবস্থার আলোকে পিছিয়ে দিতে। তাঁর নানা ধরনের কলাকৌশলের ফাঁদে নিশ্চিতভাবে পা দিয়েছিলেন রাজনৈতিকভাবে আনকোরা ডোনাল্ড ট্রাম্প।
কংগ্রেসের অনুমোদনহীন ৪০ দিনের যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার ফলে তিনি দেশের অভ্যন্তরেও নানামুখী সংকট তৈরি করেছেন। ফলে এখন রাজনৈতিকভাবে কোণঠাসা তিনি। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরে তাই দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে মূলত এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ উপলব্ধিটিই প্রকাশ পেয়েছে।
এই উপলব্ধি হচ্ছে এমন এক বিষয়, যার মধ্য দিয়ে কার্যত এটিই খোলাসা হয়ে গেল যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়ে তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভুল কাজটি করেছে। এটি এমনই এক ভুল, যার জন্য দেশটিকে খেসারত দিয়ে যেতে হবে অনেক দিন। এটি তাদের জন্য এমন এক আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার খেসারত দিতে হতে পারে সামনের দিনগুলোতে মধ্যবর্তী নির্বাচনে এবং নির্বাচনোত্তর সময়ে রিপাবলিকানদের সম্ভাব্য ভরাডুবির মধ্য দিয়ে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের মতো বিষয়ও সামনে চলে আসতে পারে। দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এরই মধ্যে আবারও একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার মতো ঘটনা ঘটিয়েছে।