৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ঢাকায় বাড়বে গরম
ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কম ছিল। সবচেয়ে বেশি ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। রাজধানী ঢাকায় যা ছিল ৩ মিলিমিটার। এর সঙ্গে তাপমাত্রাও বেড়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দুপুরের মধ্যে ৯টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, বেলা ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।