বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানে গতি ফেরানোই বেশি জরুরি
প্রথম আলো
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ২০:৫২
নতুন অর্থবছর শুরু হয়েছে দুটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে রেখে। একদিকে শক্তিশালী জনসমর্থন ও সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব নেওয়া নতুন রাজনৈতিক সরকার, অন্যদিকে কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক সংকট। তাই এটি শুধু নতুন বাজেট বাস্তবায়নের নয়, অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফেরানোর জন্যও গুরুত্বপূর্ণ সময়।
ইতিবাচক দিকও রয়েছে। সরকার অর্থনীতির সংকট প্রকাশ্যে স্বীকার করেছে। এবারের বাজেটে করকাঠামো সহজ করা, করের চাপ কিছুটা কমানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগ কাজে লাগাতে হলে প্রথম অগ্রাধিকার হতে হবে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা।