নীতি সুদহার কী? ব্যাংক ঋণে এর প্রভাব পড়বে কীভাবে?
দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক বছর ধরেই সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ‘রেপো রেট’ বা নীতি সুদহার বাড়িয়ে রাখছে। বর্তমানে এই হার ১০ শতাংশ।
প্রশ্ন হলো, রেপো রেট বা নীতি সুদহার কী? এটি বাড়ালে বা কমালে অর্থনীতিতে কী প্রভাব পড়ে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই হার কীভাবে কাজ করে?
রেপো রেট কী?
বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে দেশের প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদ হারে ঋণ নিতে হয়, সেটাই হলো ‘রিপারচেজ’ বা ‘রেপো’ রেট। একে কেন্দ্রীয় ব্যাংকের ‘নীতি সুদহার’ও বলা হয়।
অর্থনীতিতে রেপো রেটকে কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রানীতিগত অস্ত্র বলা হয়। কেননা, রেপো রেট বাড়লে ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি সুদ দিয়ে অর্থ নিতে হয় এবং স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে আমানত ও ঋণের সুদের হারের ওপর। বেশি সুদে নেওয়া টাকা ব্যাংকগুলো গ্রাহককেও বেশি সুদে বিতরণ করে। ফলে, গ্রাহকের মাঝে ঋণ নেওয়ার প্রবণতা কমে এবং বাজারে অর্থের প্রবাহ কমে। বিপরীতে, রেপো রেট কম থাকলে বাজারে অর্থের প্রবাহ বাড়ে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মুদ্রানীতি