আবার এমবাপের জোড়া গোল, ভয়ঙ্কর-সুন্দর ফ্রান্স
শুরুতেই একটি সুযোগ পেল সুইডেন। এরপর থেকে যা হলো, তার কোনো জবাব খুঁজে পেল না দলটি। আক্রমণের তোড়ে তাদের ভাসিয়ে দিল ফ্রান্স। এক ম্যাচ পরই আবার জোড়া গোলের আনন্দে মাতলেন কিলিয়ান এমবাপে। অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল দিদিয়ে দেশোঁর দল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে তাদের অন্য গোলদাতা ব্রাডলে বার্কোলা।
ব্যবধান হতে পারত আরও অনেক বড়। প্রথমার্ধে এমবাপে ও মাইকেল ওলিসের একটি করে শট লাগে পোস্টে। এছাড়া সুইডিশ গোলরক্ষক সেভ করেন ৯টি। কোনো গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন ওলিসে।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি করে গোল করার কীর্তি গড়ল ফরাসিরা।
ম্যাচ জুড়ে ফ্রান্সের একচেটিয়া দাপটের প্রমাণ মেলে অন্যান্য পরিসংখ্যানেও। ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য মোট ২৫টি শট নেয় তারা, যার ১২টি ছিল লক্ষ্যে। সুইডেনের আট শটের তিনটি লক্ষ্যে ছিল।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে দুটি করে গোল করেছিলেন এমবাপে। গ্রুপের শেষ ম্যাচে জালের দেখা না পেলেও দুটি অ্যাসিস্ট করেন তিনি। নকআউটের শুরুতে আবার জোড়া গোল করে যথারীতি ফের রেকর্ড বইয়ে নাম লেখান ২৭ বছর বয়সী তারকা।