এডিসের লার্ভা ঢাকায় উচ্চ মাত্রায়, বাইরে আরও বেশি, কোন বিভাগে ঝুঁকিতে

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১৪:১৪

এডিস মশার বংশবৃদ্ধি মানেই ডেঙ্গুর বিস্তার বাড়ার শঙ্কা, আর তা দেখা যাচ্ছে বর্ষার শুরুতেই। সরকারি ও বেসরকারি জরিপে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই ডেঙ্গুর বাহক মশাটির লার্ভা বা শূককীটের উচ্চ মাত্রার উপস্থিতি পাওয়া গেছে। আবার ঢাকার চেয়ে বেশি ঝুঁকি দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণাঞ্চলে। সেখানে কয়েকটি জেলায় এডিসের লার্ভার উপস্থিতি রাজধানীর চেয়ে বেশি।


বর্ষা শুরুর সঙ্গে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ২৯ জুন পর্যন্ত দেশে প্রায় ৬ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু জুন মাসেই এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭২৭ জন। অর্থাৎ চলতি বছরের মোট রোগীর প্রায় অর্ধেক শনাক্ত হয়েছে এ মাসে। জুনে মৃত্যুও বছরে সর্বাধিক, ১৩ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায়ই পাঁচজনের মৃত্যু হয়।


বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এটি কেবল মৌসুমি বৃদ্ধির শুরু। এখনই সতর্ক না হলে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজির আহমদের মতে, এ রোগকে এখন কেবল ঢাকার সমস্যা হিসেবে দেখলে চলবে না।


ঢাকার লার্ভার উপস্থিতি ঝুঁকিপূর্ণ


এডিস মশার লার্ভার উপস্থিতি হিসাব করা হয় ব্রুটো ইনডেক্সের (বিআই) মাধ্যমে। জরিপে প্রতি ১০০ প্রজনন উৎসের মধ্যে ২০টি বা এর বেশিতে যদি এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায়, তাহলে সেটাকে মশার ‘ঝুঁকিপূর্ণ’ উপস্থিতি বলা যায়।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ মশা পর্যবেক্ষণে (১২ থেকে ১৬ জুন) ফুলের টব, প্লাস্টিকের পাত্র, বেজমেন্ট, ড্রেন, পানির ট্যাংক, বোতলসহ এডিস মশার প্রজননস্থলে লার্ভার ঘনত্ব উদ্বেগজনক পর্যায়ে পাওয়া গেছে। উত্তর সিটির পাঁচটি ঝুঁকিপূর্ণ এলাকায় জরিপে সর্বনিম্ন বিআই পাওয়া গেছে ২০, সর্বোচ্চ ৭৩ দশমিক ৩৩। গড় বিআই ৪০–এর ওপরে।


তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী পরিস্থিতিকে এখনই ভয়াবহ বলতে নারাজ। তিনি বলেন, লার্ভার উপস্থিতি বেশি পাওয়া গেছে। কিন্তু এখনো সেগুলো ব্যাপকভাবে মশায় রূপ নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তবে সেই ঝুঁকি রয়েছে।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাক্-বর্ষা জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই ব্রুটো ইনডেক্স ২০–এর বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে ‘অতিঝুঁকিপূর্ণ’ হিসেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও