You have reached your daily news limit

Please log in to continue


রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটি টাকায়

বালিশ–কাণ্ডের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পের কেনাকাটায় আরও অনিয়মের তথ্য বেরিয়ে আসছে। এবার আবাসন এলাকা ‘গ্রিন সিটি’র ১১টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম ও জেনারেটর কেনায় অনিয়ম পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়।

নিরীক্ষায় দেখা যাচ্ছে, এই কেনাকাটায় সরকারি দরের তুলনায় আট গুণ বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারি হিসাবে যেসব যন্ত্রপাতির দাম ছিল প্রায় ২৭ কোটি টাকা, সেগুলোর জন্য বিল পরিশোধ করা হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা।

সিএজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত দর ও দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় অস্বাভাবিক বেশি দামে এসব যন্ত্রপাতি কিনে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করেছে।

রূপপুর প্রকল্পে বালিশ, আসবাবপত্র ও ভবন নির্মাণসামগ্রী কেনায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ আগেই আলোচনায় আসে। এবার বিদ্যুৎ সরবরাহের যন্ত্রপাতি কেনায় দরপত্র তৈরি থেকে শুরু করে দর মূল্যায়ন, কার্যাদেশ, বিল অনুমোদন ও অর্থ পরিশোধ—প্রায় প্রতিটি ধাপ নিয়েই প্রশ্ন তুলেছে নিরীক্ষা বিভাগ।

সিএজির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নিরীক্ষায় কয়েকটি যন্ত্রপাতির দাম সরকারি দরের তুলনায় অস্বাভাবিক বেশি ধরা হয়েছে। মোট দর প্রাক্কলনের কাছাকাছি রাখা হলেও নির্দিষ্ট পণ্যে কয়েক গুণ বেশি মূল্য বসানো হয়। দর যাচাই, প্রাক্কলন কমিটি গঠন ও মূল্যায়নে নিয়ম না মানায় সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং আপত্তিকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন