ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে পিতা–পুত্রকে জীবিত উদ্ধার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:৩৩
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৪ দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক বাবা ও তাঁর ছেলেকে। স্থানীয় সময় গতকাল রোববার তাঁদের উদ্ধার করা হয়। ঘটনাটি বিধ্বস্ত এলাকায় কাজ করা উদ্ধারকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। কারণ, সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার আগেই আরও জীবিত মানুষকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, উদ্ধারের সময় বাবা ও ছেলেকে দৃশ্যত দুর্বল অবস্থায় দেখা যায়। তাঁদের দুজনের মুখেই মাস্ক ছিল। উদ্ধারকর্মীরা কাপড় দিয়ে তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে তাঁদের ধ্বংসাবশেষে ছড়িয়ে থাকা সড়ক পেরিয়ে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে নিয়ে যান। এ সময় উপকূলীয় শহর লা গুয়ারিয়ায় জরুরি সেবার যানবাহনের চারপাশে স্থানীয় মানুষের ভিড় জমে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প