উন্নয়নের দুধ-মধু খেয়ে ফেলছে দুর্নীতি
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী? কেউ বলবেন, রাজনৈতিক অস্থিরতা। এর ফলে প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য, উৎপাদন, আমদানি-রপ্তানিসহ জনজীবনে। কেউ বলবেন, সম্পদ কম কিন্তু মানুষ বেশি কীভাবে সম্ভব দেশকে পরিচালনা করা? বিশেষজ্ঞরা বলবেন, জলবায়ু বিপর্যয়ের প্রভাব সবখানে। আর কেউ বলবেন, মানুষ কাজ করে না।
শেষে কেউ বলবেন, কিছু ব্যবসায়ীর লুটপাট, মাদক, মাস্তানি আর সাম্প্রদায়িকতার দুষ্ট চক্র। যদিও এর কোনোটাই ছোট সমস্যা নয় এবং এদের প্রভাবে মানুষের ত্রাহি অবস্থা। কিন্তু সব সমস্যা যেন কেন্দ্রীভূত হয়ে আছে একটি সংকটে সেটি হচ্ছে সর্বত্র দুর্নীতি। এমনকি তা সর্ষের মধ্যে ভূতের মতো, দুর্নীতি দমন কমিশনের মধ্যেও। মাঝে মাঝে দু-একটা খবর বেরিয়ে আসে, যা মানুষকে আশ্বস্ত তো নয়ই বরং আতঙ্কিত করে। মানুষ ভাবে, তাহলে যাব কোথায়?