ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় তিন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা কৌশলগত সুপারিশও করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদনটি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে জমা দেওয়া হয়।
প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান ও সিএমপির উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন সম্পর্কে এ মুহূর্তে তাঁর কিছু বলার সুযোগ নেই।
পরে যোগাযোগ করা হলে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, তদন্তে খুলশী থানার তিন পুলিশ সদস্যর বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তিনি বলেন, সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অপেশাদার ও শৃঙ্খলাবিরোধী আচরণ করেছেন। ঘটনার পর তাঁদের মধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
পুলিশ কমিশনার আরও বলেন, তদন্ত প্রতিবেদনে শাস্তির সুপারিশের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সাত দফা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ সদস্যদের আচরণগত ও মানবিক বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ, নিয়মিত ব্রিফিং, দায়িত্ব পালনে পেশাদারত্ব বাড়াতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত শাস্তি নিশ্চিত করা।