ফোসকা হলে কী করবেন, আর কী করবেন না
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ২১:৪৭
নানা কারণে ত্বকে ফোসকা হয়। ফোসকা বেশ যন্ত্রণাদায়ক এক সমস্যা। তবে সাধারণত তা বিপজ্জনক কিছু নয়।
ফোসকা হওয়ার পর নানা ভুলে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। ফোসকা হলে কী করা উচিত, আর কী করা উচিত নয়, জেনে নেওয়া যাক।
কী করবেন
- ফোসকার জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার রাখুন। তবে ধোয়ার সময় কিংবা মোছার সময় সাবধানতা অবলম্বন করুন। ধোয়ার পর একটি পরিষ্কার, শুকনা ও নরম তোয়ালে বা কাপড় দিয়ে আলতোভাবে চাপ দিন। ইংরেজিতে একে বলে ‘প্যাট ড্রাই’। এভাবে জায়গাটা মোছার কাজ সেরে ফেলুন।
- নরম ড্রেসিং দিয়ে ফোসকা ঢেকে রাখা ভালো। প্যাড–জাতীয় ড্রেসিং কাজে লাগাতে পারেন। হাইড্রোকলয়েড ড্রেসিং (ভেজা ড্রেসিং) ফোসকার জন্য ভালো। এই ড্রেসিংয়ের উপকরণ কিনে নিতে পারেন। তবে ফোসকায় তা প্রয়োগের আগে অবশ্যই ব্যবহারবিধি শিখে নিন। প্রয়োজনে দক্ষ ব্যক্তির সহায়তা নিন।
- ফোসকা ফেটে গেলে ওই স্থান স্পর্শ করার আগে অবশ্যই খুব ভালোভাবে হাত পরিষ্কার করে নিন। নইলে জীবাণুর সংক্রমণ হতে পারে।
- ফোসকা ফেটে গেলে এর ভেতরের যে তরলটা বের হয়ে যাওয়া সম্ভব, তা বের হয়ে যেতে দিন। এরপর নরম ড্রেসিং দিয়ে ঢেকে রাখুন।