বুড়ি নই, আমি পরিণত : অপরাজিতা
চল্লিশের কোঠা পার হতেই সমাজের বাঁকা চাউনি আর উপদেশের বন্যা বয়ে যায় নারীদের জীবনে। ‘বুড়ি হয়ে গেছো’, ‘এই বয়সে এত সাজগোজ কেন?’- এমন হাজারো চেনা প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। তবে এবার সমাজকে এক হাত নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে বয়স নিয়ে সমাজের দ্বিচারিতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
বয়স বাড়া নিয়ে সমাজের তথাকথিত ট্যাবুকে বুড়ো আঙুল দেখিয়ে অপরাজিতা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে! আমি বলি, বেশ তো ভাই বয়সটা কি ফ্রিজে রেখে দেব নাকি? চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ তাতেই যেন সমাজের চোখে আমি পুরোনো এক সাজ! বয়স বাড়লে কি সন্তানের দায়িত্ব কমে?‘
‘মায়ের চিন্তা ফুরোয়? বাড়ির হিসেব মেটে? না, কিছুই তো কমে না! শুধু বাড়ে মানুষের উপদেশ। এত লাল শাড়ি কেন? এত সাজো কেন? এই বয়সে নাচ? এই বয়সে প্রেমের গান? আরে বাবা, বয়স কি বিদ্যুতের বিল, যে নির্দিষ্ট দিনে কেটে যাবে রং?’