জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: এ টি এম আজহার
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির পরিপ্রেক্ষিতে সরকারি দলের উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ধরলাম, আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’
আজ রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন রাখেন এ টি এম আজহার। গত ২২ জুন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন।
সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে কি না, এই প্রশ্ন রেখে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আজহারুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন। কারণ, চার মাস আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে প্রেসিডেন্ট কে হবে?’
জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহার প্রশ্ন রাখেন, বর্তমান রাষ্ট্রপতিকে কেন বিএনপির এত পছন্দ। তাঁকে পদে রাখার জন্য কোনো দিক থেকে বিএনপি ইঙ্গিত পেয়েছে কি না। তিনি বলেন, ফ্যাসিবাদ নির্মূল করতে চাইলে সব চিহ্ন মুছে ফেলতে হবে।