প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় থেরানোস্টিকস: নতুন আশার দিগন্ত
প্রোস্টেট ক্যান্সার পুরুষদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যান্সার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকি বাড়ে। অনেক সময় রোগটি ধীরে ধীরে এগোয়, আবার কিছু ক্ষেত্রে হাড়, লিম্ফ নোড বা শরীরের অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে প্রোস্টেট ক্যান্সার ব্যবস্থাপনায় এখন একটি নতুন ধারণা বিশেষ গুরুত্ব পাচ্ছে। সেটি হলো থেরানোস্টিকস।
থেরানোস্টিকস শব্দটি এসেছে দুটি শব্দ থেকে—থেরাপি অর্থাৎ চিকিৎসা এবং ডায়াগনস্টিকস অর্থাৎ রোগ নির্ণয়। সহজ ভাষায় বললে, একই লক্ষ্যবস্তুকে ব্যবহার করে প্রথমে ক্যান্সার কোথায় আছে তা খুঁজে বের করা হয়, এরপর সেই লক্ষ্যবস্তুকেই ব্যবহার করে ক্যান্সার কোষে চিকিৎসা পৌঁছে দেওয়া হয়। তাই এটি একই সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসার একটি সমন্বিত পদ্ধতি।
প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই পদ্ধতির মূল লক্ষ্য হলো PSMA, যার পূর্ণরূপ Prostate-Specific Membrane Antigen। প্রোস্টেট ক্যান্সারের অনেক কোষের গায়ে এই বিশেষ প্রোটিন থাকে। প্রথমে PSMA PET-CT scan করে দেখা হয় শরীরে ক্যান্সার কোথায় কোথায় আছে। অনেক সময় সাধারণ CT scan, MRI বা bone scan-এ ছোট ছোট ছড়ানো রোগ বোঝা কঠিন হয়। PSMA PET-CT চিকিৎসকদের রোগের বিস্তার সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেয়। ফলে রোগীর জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা করা সহজ হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্রোস্টেট ক্যান্সার