যুবককে ৫ তলা থেকে ফেলে দেন স্ত্রী-শ্যালক, ভেঙেছে হাত-পা ও কোমরের হাড়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ২২:১৩
রাজধানীর উত্তরায় স্ত্রী ও শ্যালকদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সজীব প্রামাণিক (২৫) নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন কর্মচারী। মারধরের এক পর্যায়ে তাকে ৫ তলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে সজীবের দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষাগারের সহকারী (ল্যাব অ্যাটেনডেন্ট)। তাকে আহত করার ঘটনায় তার বাবা মুন্নাফ প্রামাণিক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সজীবের স্ত্রী শাহজাদী আক্তার (৩০) এবং শাহজাদীর দুই ভাই শাহাদত হোসেন ও শামছুদ্দিন শাওনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন।