রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৯:৩৩
রাজশাহীতে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই কর্মচারী আহত হয়েছেন। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তবে ঘটনাটির নেপথ্যে প্রতিষ্ঠানের এক কর্মচারীর পারিবারিক বিরোধ কাজ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শুভর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির মালিক মুরাদ পারভেজ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ পারভেজ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে ম্যাংগো লাভারের কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি একটি ভবনের চতুর্থ তলায় অবস্থিত। এর স্বত্বাধিকারী মুরাদ পারভেজের বাড়ি নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লায়।