বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির কারণে দেশের সীমান্ত দিয়ে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ-ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে
স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে।
সালাহউদ্দিন বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাক করার যে দাবি করা হয়েছে, তার পক্ষে বাংলাদেশ সরকারের কাছে কোনো দালিলিক তথ্য নেই।