ইনস্টাগ্রামে নতুন সুবিধা
ক্যারোসেল পোস্টের প্রতিটি ছবি বা ভিডিওতে আলাদা ক্যাপশন যুক্ত করার সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। দীর্ঘদিন ধরে আধেয় (কনটেন্ট) নির্মাতাদের প্রত্যাশিত এ সুবিধা চালুর ফলে এখন একটি পোস্টের বিভিন্ন স্লাইডে পৃথক তথ্য, ব্যাখ্যা বা বর্ণনা যুক্ত করা যাবে। ফলে গল্পভিত্তিক ও তথ্যসমৃদ্ধ পোস্ট তৈরি করা আরও সহজ হবে। ‘মাল্টিপল ক্যাপশনস’ নামের নতুন সুবিধাটি ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে সব অ্যাকাউন্টে এটি পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে।
বর্তমানে ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্টে থাকা সব ছবি ও ভিডিওর জন্য একটি মাত্র ক্যাপশন ব্যবহার করা যায়। ফলে প্রতিটি স্লাইডের জন্য আলাদা তথ্য বা প্রেক্ষাপট তুলে ধরতে ব্যবহারকারীদের ছবির ওপর লেখা যুক্ত করা বা মূল ক্যাপশনে দীর্ঘ বিবরণ দেওয়ার প্রয়োজন হতো। নতুন সুবিধা চালুর ফলে সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে। সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ক্যারোসেল পোস্টের প্রতিটি ছবি বা ভিডিওর জন্য আলাদা ক্যাপশন লিখতে পারবেন। অর্থাৎ একটি পোস্টের ভেতরে থাকা প্রতিটি স্লাইডে আলাদা তথ্য জানানো যাবে। এর ফলে ভ্রমণকাহিনি, শিক্ষামূলক নির্দেশনা, পণ্যের পরিচিতি কিংবা ধারাবাহিক গল্প আরও ভালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইনস্টাগ্রাম