জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ
বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নিয়ে ২০ বছর পর আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি। ঐতিহাসিক এই সাফল্যের কৃতিত্ব নিজের নয়, দেশের মানুষের বলে মন্তব্য করেছেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাচেসে।
আজ ভোরে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে হওয়া ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে শুরুতেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে সাত মিনিটের মধ্যেই নিলসন আঙ্গুলো ইকুয়েডরকে ম্যাচে ফেরান। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে ইকুয়েডর।
এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে ওঠার কৃতিত্ব অর্জন করল ইকুয়েডর। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার নকআউট পর্বে খেলেছিল তারা।
বাঁচা-মরার ম্যাচে শেষ বাঁশি বাজার পর ডাগআউটে আবেগাপ্লুত হয়ে পড়েন বেকাচেসে। পরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে এর কী অর্থ, তা বড় বিষয় নয়। এই সাফল্য ইকুয়েডরের সকল জনগণের জন্য। খেলোয়াড়রা তাদেরকে নকআউট পর্বের এই টিকিট এনে দিয়েছে। এটি তাদেরকে উদযাপন করতে দিন এবং উপভোগ করতে দিন।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬