শিশুর বিকাশে ঘরোয়া বিনোদনের নেতিবাচক প্রভাব
শিশুদের বিকাশে আমাদের সনাতন বিনোদন ব্যবস্থার জায়গায় প্রধানত শহুরে সমাজে ঘরোয়া বিনোদন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের বিনোদনের প্রতি শিশুদের অভ্যস্ত হওয়া তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আমরা হয়তো বিবিধ কারণে এ ধরনের বিনোদনের প্রতি সন্তানদের অভ্যস্ত করছি। সময়ের স্বল্পতা, পর্যাপ্ত মাঠের অভাব, শিশুদের নিরাপত্তাঝুঁকি কিংবা অন্য কোনো কারণে আমরা ঘরোয়া বিনোদনে সন্তানদের নিয়ে যাচ্ছি। এই বিনোদনে শিশুদের মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় লক্ষ করা যায় না, বরং এক ধরনের প্রতিযোগিতা এবং আসক্তি তাদের মধ্যে তৈরি করে।
আমরা হয়তো এ ধরনের বিনোদনকে বিকল্প ভাবছি। কিন্তু এই বিকল্পের পরিণতি নিয়ে ভাবছি না। এখনো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছোট-বড় মাঠ আছে। এ ছাড়া বাইরে কোনো না কোনো মাঠ পাওয়া যায়। কিন্তু লক্ষ করলে দেখবেন, ছুটির দিন কিংবা বিকেলবেলা এই মাঠ ব্যবহারের কোনো সুযোগ অনেক প্রতিষ্ঠান দেয় না।
দ্বিতীয়ত, এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত। বিদ্যালয়ের ব্যবস্থাপনায় যদি মাঠগুলো বিদ্যালয়ের সময়ের বাইরে খুলে দেওয়া হয়, তাহলে অনেক শিক্ষার্থী এর সুযোগ নিতে পারে। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া এবং টিউশনে এতটাই ব্যস্ত রাখি যে ছুটির দিন ছাড়া তাদের কোনো অবসরই নেই। অনেক ক্ষেত্রে শুক্রবারও তাদের টিউশন থাকে। শিশুদের সারাক্ষণ লেখাপড়ায় ব্যস্ত না রেখে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খেলাধুলা ও অন্যান্য বিনোদনের সঙ্গে পরিচিত করে না তুলতে পারলে তাদের পরিপূর্ণ বিকাশ কোনোভাবেই সম্ভব হবে না।
অধুনা বিনোদন বলতে বাইরের কোনো রেস্টুরেন্টে খাওয়া এবং এক কোণে সেই ঘরোয়া বিনোদন। যেভাবেই বলি না কেন, ঘরোয়া বিনোদন শিশুদের বিকাশের পরিবর্তে গেমসের প্রতি এক ধরনের আসক্তি এবং আবার প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করছে।
আমরা বই পড়ে যতটা না শিখি, তার চেয়ে বেশি জানা ও শেখা যায় আন্তঃসম্পর্কের মাধ্যমে। অবশ্যই শিশুদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমেই শিশুরা বেশি শিখবে। ঘরোয়া বিনোদনে আটকে থাকা শিশুর সঙ্গে অন্যদের তেমন কোনো আন্তঃসম্পর্ক তৈরি হয় না। শিশুদের পছন্দ, বিকল্পের অভাব এবং ঝামেলামুক্ত হওয়ায় আজ এমন বিনোদনের প্রতি আকর্ষণ বাড়ছে।
অন্যদিকে আমরা যদি বাইরের বিনোদনের দিকে লক্ষ করি তাহলে দেখব, এখানে শেখার সুযোগ অনেক বেশি। ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশ ও গড়ন তৈরি হয়, মানসিক শক্তি ও সাহস বেড়ে যায়, যা তাদের অনেক দূর নিয়ে যায়। অন্যের সঙ্গে তারা দ্রুত মিশতে পারে। আরো বড় সুবিধা আন্তঃসম্পর্কের মাধ্যমে তাদের ধ্যান-ধারণা, মনের বিকাশ, আচার-আচরণের পরিবর্তন মোটাদাগে তাদের সামাজিকীকরণে এক বড় ভূমিকা পালন করে। পরিবারের বাইরে যে প্রতিনিধিকে আমরা সামাজিকীকরণের বড় মাধ্যম বলি, তা হলো পিয়ার গ্রুপ। তাদের সঙ্গে ওঠাবসা এবং খেলাধুলার মাধ্যমে শিশুরা যা শেখে, তা অন্য কোনো মাধ্যমে কোনোভাবেই শিখতে পারে না।
মানুষের সঙ্গে মানুষের ভাবের বিনিময় না হলে প্রকৃত শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না। প্রকৃতপক্ষে আমরা আমাদের শিশুদের নিজেদের অজান্তে কিংবা বাস্তবতার নিরিখে এক অর্থে বঞ্চিত করছি; যার পরোক্ষ প্রভাব পড়ছে সুষ্ঠু সামাজিকীকরণ এবং পরবর্তী জীবনে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আন্তঃসম্পর্কের ওপর। অনেক সময় দেখা যায়, শিশু বড় হয়ে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে একদম মেলামেশা করে না। বাসায় মেহমান এলে তাদের সঙ্গে সৌজন্যমূলক আলাপ-আলোচনা এবং কথাবার্তা পর্যন্ত হয় না। আমরা এমনও লক্ষ করি, শিশুরা একসঙ্গে থেকেও কারো সঙ্গে কারো ভাব বিনিময় করতে দেখা যায় না। মোবাইল আসক্তি তাদের পেয়ে বসে।
- ট্যাগ:
- মতামত
- শিশুর বেড়ে উঠা