স্কেটবোর্ডে ৩৯ দিনে যুক্তরাষ্ট্রের এক উপকূল থেকে অন্য উপকূলে
নিজের গড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার চেষ্টা করছিলেন চাদ কারুসো। তাই স্কেটবোর্ডে চড়ে মাত্র ৩৯ দিনে তিনি ৩ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিয়েছেন। এ যাত্রায় চাদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ফ্লোরিডায় পৌঁছান।
গত ১ মে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ থেকে যাত্রা শুরু করেন এই স্কেটবোর্ডার। ৮ জুন ফ্লোরিডার জ্যাকসনভিলে গিয়ে তাঁর এ রোমাঞ্চকর যাত্রা শেষ হয়। এ সময় তিনি দিনে গড়ে ৭২ মাইল স্কেটবোর্ড চালিয়েছেন। কারুসো তাঁর এই যাত্রার বিস্তারিত ভিডিও ইউটিউবেও প্রকাশ করেছেন।
অবশ্য এনবিসির সহযোগী সংবাদমাধ্যম ডব্লিউপিটিভিকে চাদ কারুসো জানান, শুরুতে তাঁর পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ছিল না; বরং স্কেটবোর্ডে চড়ে তাঁর ইতালিতে পাড়ি দেওয়ার কথা ছিল।
এর আগে ২০২৩ সালে কারুসো ভেনিস বিচ থেকে ভার্জিনিয়া বিচ পর্যন্ত স্কেটবোর্ড চালিয়েছিলেন। সেবার তাঁর সময় লেগেছিল ৫৭ দিন ৬ ঘণ্টা ৫৬ মিনিট। ওই যাত্রার মাধ্যমেই তিনি স্কেটবোর্ডে সবচেয়ে দ্রুতগতিতে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। কারুসো জানান, তাঁর এবারের যাত্রার উদ্দেশ্য মূলত দুটি; নিজের পুরোনো রেকর্ড ভাঙা এবং মাদক ও অ্যালকোহলমুক্ত জীবনের ১০ বছর পূর্তি উদ্যাপন করা।
সংবাদমাধ্যম অ্যাকশন নিউজ জ্যাক্সকে চাদ কারুসো বলেন, ‘স্কেটবোর্ডিং আমাকে সব ধরনের বাজে কাজ থেকে দূরে রেখেছিল। সারা জীবন আমি এটাই করেছি। এটা নিয়ে আমার একধরনের পাগলামি ছিল। পরে একবার আহত হয়ে আমি এটি ছেড়েই দিয়েছিলাম।’