নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, ভোগান্তি চরমে
নিজের জীবদ্দশায় গ্রামের পাকা রাস্তায় হাঁটতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে নড়াইল সদরের বাসিন্দা মনোজিত বিশ্বাসের।
উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর চরপাড়া গ্রামের ৬৫ বছর বয়সি এই বৃদ্ধ বলেন, “বাপ-দাদাদের আমল থেকে এই রাস্তা এ রকম দেখে আসছি এখনও সেই কাদা-পানি মাড়িয়ে চলতে হচ্ছে। আর জীবদ্দশায় পাকা রাস্তা দেখে যেতে পারব কিনা জানি না।”
আক্ষেপ করে তিনি বলেন, “ভোটের সময় অনেকে আসে, এসে এই সড়কটির করুণ অবস্থার উন্নয়ন বা সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোটের পরে আর কোনো খবর থাকে না।”
তার মতো এমন আক্ষেপ আছে নড়াইল জেলার তিন উপজেলার অধিকাংশ গ্রামের বাসিন্দাদেরই। কারণ এই জেলার মোট সড়কের মধ্যে ৬০ ভাগই কাঁচা সড়ক।
নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, “সর্বশেষ ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত জেলায় আমাদের সড়ক রয়েছে ৩ হাজার ২২৫ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক (পিচ, আরসিসি, ইট) রয়েছে ১ হাজার ২৬৪ কিলোমিটার আর বাকি ১ হাজার ৯৬১ কিলোমিটারই কাঁচা সড়ক। অর্থাৎ জেলায় ৪০ ভাগ পাকা আর ৬০ ভাগ কাঁচা সড়ক রয়েছে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- আক্ষেপ
- কাঁচা রাস্তা