বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকে সই করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’-এ সমঝোতা স্মারক সই হয়।
এ সমঝোতার ফলে দল দুটি গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ ও জীবনমান উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সই করেন। দল দুটি এই প্রথম কোনো সমঝোতা স্মারকে সই করল।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।