যেন মরণ কামড় দিতে নেমেছিল হাইতি! বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়া দলটি প্রথমার্ধে এগিয়ে গেল দুইবার। ঘুরে দাঁড়াল মরক্কোও। বিরতির পর আক্রমণ, পাল্টা আক্রমণে লড়াই হলো তুমুল। বদলি নামার আট মিনিট পর মরক্কোকে এগিয়ে নিলেন সুফিয়ান রাহিমি। শেষ দিকে ব্যবধান বাড়ালেন গেসিমে ইয়াসিন। স্বস্তির জয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে উঠল গত আসরের সেমি-ফাইনালিস্টরা।
আটলান্টায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে তারা।
অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে, ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের এখনও সুযোগ আছে গ্রুপ পর্ব পেরুনোর।
আগেই বিদায় নিশ্চিত হওয়ায় হাইতির কোনো সমীকরণ মেলানোর ছিল না। তবে, শেষ ভালো আশায় দারুণ লড়াই করল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি। কিন্তু টানা তিন হারের হতাশাই সঙ্গী হলো কনক্যাকাফ অঞ্চলের দলটির।
কিক অফের পর সময় যত গড়াল, লড়াইয়ের তীব্রতাও বাড়তে থাকে। দশম মিনিটে হাইতি এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ডান দিক থেকে কেভিনের বাড়ানো নিচু ক্রস সামনে থাকা ডিফেন্ডার আটকাতে পারেননি। ঝাঁপিয়ে পড়া গোলকিপার ইয়াসিন বোনোও নাগাল পাননি বলের। তার সামনে থাকা লেনি ইয়োসেপের ফ্লিক বিপদমুক্ত করতে গিয়ে, নিজেদের জালেই জড়িয়ে দেন বোনো। পর্দায় ভেসে ওঠে হাকিমিদের হতাশ মুখ।