বাজেট প্রস্তাব: সভা–সেমিনারের ভাতা ও সম্মানীর ওপর বাড়ল কর
সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরিজীবী, গবেষক, শিক্ষকসহ সমাজের নানা শ্রেণির মানুষ সভা-সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন। এ জন্য অনেক সময় তাঁরা আয়োজকদের কাছ থেকে নির্ধারিত ভাতা ও সম্মানীও পান।
আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সভা, সেমিনার ফি ও সম্মানীর ওপর উৎসে কর বাড়ানো হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি, বিশেষ করে সরকারি- বেসরকারি পর্যায়ে চাকরিজীবী কোনো প্রাতিষ্ঠানিক সভা করে ফি বাবদ যে টাকা পাবেন, সেখান থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে। যে প্রতিষ্ঠান এই ফি দেবে, তারা ২০ শতাংশ অর্থ কেটে রেখে ওই কর্মকর্তাকে সভা–সেমিনার বাবদ প্রাপ্য ফির বাকি টাকা দেবে। এত দিন এই উৎসে করের হার ছিল ১০ শতাংশ।
একইভাবে যেকোনো ধরনের সম্মানীর ওপরও উৎসে করের হার বাড়ানো হয়েছে। এই হারও ১০ থেকে ২০ শতাংশ করা হয়েছে। প্রশিক্ষণ ভাতার ওপরও একইভাবে উৎসে কর ২০ শতাংশ করা হয়।
প্রস্তাবিত বাজেটের নতুন এই বিধানের ফলে যেকোনো ধরনের সম্মানী, মিটিং ফি, প্রশিক্ষণ ভাতার ওপর উৎসে করের হার বাড়ল। ফলে এখন থেকে সম্মানী ও মিটিং ফি বাবদ আগের চেয়ে কম টাকা পাবেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে কারিগরিসহায়তা দেন, সে জন্য তিনি যদি কোনো ফি বাবদ অর্থ পান, সেই অর্থের ওপরও উৎসে করের হার বাড়বে। ১০ শতাংশের পরিবর্তে নতুন অর্থবছর থেকে ১৫ শতাংশ হারে কর কেটে রেখে ওই ব্যক্তিকে ফি বাবদ অর্থ পরিশোধ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- জাতীয় বাজেট
- উৎস কর