উন্মুক্ত হোক মালয়েশিয়ার শ্রমবাজার

কালের কণ্ঠ এ কে এম আতিকুর রহমান প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৮:৩৫

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ জুন দুদিনের এক সরকারি সফরে মালয়েশিয়া যান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম বিদেশ সফর।

সফরকালে ২২ জুন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। ২২ জুন সন্ধ্যায় মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফরের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করেন।


২২ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কিছু সময়ের জন্য একটি একান্ত বৈঠকে মিলিত হন। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে খোলা মনে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, শিক্ষা, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আসিয়ান-এ বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন, আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারি উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আনুষ্ঠানিক বৈঠকটির সমাপ্তি ঘটে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতাসংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করার মাধ্যমে।

এরপর দুই প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।


যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নিয়োগসহ যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করার আহবান জানান। এ ছাড়া অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের পুনরায় নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছেন। তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ যেন স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী ব্যয়ের মধ্যে থাকে সে ব্যাপারে উভয় পক্ষের একমত পোষণের কথাটিও জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সহায়তার কথাও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগে পার্টনার হওয়া এবং আঞ্চলিক সুসংহত অর্থনৈতিক অংশীদারত্বে যোগ দেওয়ার ব্যাপারে মালয়েশিয়ার সমর্থনের বিষয় নিয়েও কথা বলেন।  


কুয়ালালামপুর অবস্থানকালে প্রধানমন্ত্রীর শেষ বৈঠকগুলো ছিল মালয়েশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে। বাংলাদেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্রে মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করার জন্যই মূলত ওই বৈঠকগুলোর আয়োজন করা হয়। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত খোলামেলা আলোচনা হয়। বাংলাদেশে তাদের বিনিয়োগ আনা গেলে নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী ও প্রসারিত হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও দৃঢ়তর হবে।   


২১ জুন সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছানোর পর রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে তিনি প্রবাসীদের নিজেদের দাবিদাওয়া থেকে বেরিয়ে এসে দেশের প্রতি তাদের কর্তব্য পালনের আহবান জানান এবং দেশের জন্য আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। তিনি বাংলাদেশি অভিবাসী কর্মীদের সমস্যাসহ নতুন কর্মী নিয়োগের ব্যাপারে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করার বিষয়ে বলেন, ‘বহুদিন ধরে বাংলাদেশ থেকে মানুষ কাজ নিয়ে মালয়েশিয়ায় যেতে পারছে না। এই সমস্যা কাটাতে আমরা মালয়েশিয়ার সরকারের সঙ্গে কথা বলব। একই সঙ্গে অনেক প্রবাসী বিভিন্ন কারণে মালয়েশিয়ায় আটক আছেন; তাঁরা দেশে ফিরতে পারছেন না। এসব মানুষ কিভাবে মুক্ত হবে, তা নিয়েও আলোচনা করব।’


বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের ব্যাপারটি আলোচনায় প্রাধান্য পেলেও সফরকালে এ ব্যাপারে কোনো সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়নি। তবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। শিগগিরই দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করা এবং নতুন কর্মী নিয়োগের লক্ষ্যে চুক্তি সম্পাদনের সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করা যায়। তবে আমাদের প্রত্যাশা নতুন কর্মী নিয়োগ পদ্ধতি যেন কর্মিবান্ধব, বিশেষ করে ন্যূনতম অভিবাসন ব্যয়ের হয় সেদিকে উভয় পক্ষকে গুরুত্ব দিতে হবে। কোনোক্রমেই কর্মী নিয়োগ প্রক্রিয়া আবারও যেন সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ না হয়ে যায়। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের অভিবাসী কর্মীদের প্রতি যেন আন্তর্জাতিক অভিবাসী নীতির প্রয়োগ হয় এবং তাদের অধিকার সংরক্ষণ করা হয় সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাস ও সরকারের তৎপরতা অব্যাহত রাখতে হবে। অন্যদিকে মালয়েশিয়ার যেসব ক্ষেত্রে দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে সেসব ক্ষেত্রে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী প্রেরণে অগ্রাধিকার দেওয়া আবশ্যক। সেটি করা সম্ভব হলে মালয়েশিয়া থেকে প্রাপ্ত আমাদের রেমিট্যান্স অনেকটাই বৃদ্ধি পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও